নেপালের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ

Printed Edition
Inter-1
কাঠমান্ডুর একটি ভোটকেন্দ্রে সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছেন নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল)-এর সভাপতি খড়্গ প্রসাদ ওলি : ইন্টারনেট

রয়টার্স

তরুণদের নেতৃত্বাধীন নজিরবিহীন বিােভ এবং ৭৭ জনের মৃত্যু নেপালে প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার প্রায় ছয় মাস পর নতুন করে পার্লামেন্ট সদস্যদের বেছে নিতে সাধারণ নির্বাচনে গতকাল ভোট দিয়েছে হিমালয়ের কোলে থাকা ছোট দেশটি।

চীন ও ভারতের মাঝে চিড়েচ্যাপ্টা অবস্থায় থাকা দেশটির ৩ কোটি মানুষ কয়েক দশক ধরেই রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত; কৃষিনির্ভর অর্থনীতি ক্রমে পঙ্গু হয়ে আসছে, বেকারত্ব তরতর করে বাড়ছে, ব্যাপক দুর্নীতি এসব সমস্যাকে আরো প্রকট করছে।

এসব ঘিরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ােভ, অসন্তোষ গত বছরের সেপ্টেম্বরে বিস্ফোরিত হয়; সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, বাধে পুলিশের সাথে সংঘর্ষ, যার জেরে শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়।

মধ্যপন্থী কমিউনিস্ট পার্টি অব নেপালকে (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট, ইউএমএল) নেতৃত্ব দেয়া সেই ওলি এ নির্বাচনেও লড়ছেন, তার সাথে লড়ছে ৬৫টি দলের ৩ হাজার ৪০০-র বেশি প্রার্থী।

৪৯ বছর বয়সী গগন থাপার নেতৃত্বে এবারের নির্বাচনে আছে দেশটির সবচেয়ে পুরনো দল নেপালি কংগ্রেস এবং মাওবাদী বিদ্রোহের লাইন ছেড়ে মূলধারার রাজনীতিতে যোগ দেয়া নেপালি কমিউনিস্ট পার্টিও (এনসিপি)। গত তিন দশকে এই তিনটি দলই নেপালের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, তা সত্ত্বেও গত ৩৫ বছরে ৩২ বার সরকার বদলাতে দেখেছে দেশটি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এরপরই ভোট গণনা শুরুর কথা জানানো হয় দেশটির নির্বাচন কমিশনের প থেকে। জনরায়ের পাল্লা কোন দিকে ভারী তা আজ শুক্রবার খানিকটা বোঝা গেলেও সংখ্যানুপাতিক পদ্ধতি থাকায় পুরো ফলাফল পেতে এক সপ্তাহ বা তারচেয়েও বেশি সময় লেগে যেতে পারে।

‘ভোট দেয়া মানে কেবল কাউকে বিজয়ী করে পাঠানো নয়। এটা এমন এক সিদ্ধান্ত যা আপনি আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য নিচ্ছেন’, চলতি সপ্তাহে জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমনটাই বলেছেন ওলির পদত্যাগের পর দায়িত্ব নেয়া নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।