জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

Printed Edition
first-4
জামায়াত আমির ডা: শফিকুর রহমানের সাথে বৈঠকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস-এর নেতৃত্বে ১৫ সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইইউ প্রতিনিধিদল আশ্বস্ত করেন যে, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে। এ ছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও টেকসই করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লাসহ বিশিষ্ট নেতৃবৃন্দ।

অপপ্রচারের তীব্র নিন্দা : এ দিকে ডা: শফিকুর রহমানের নামে একটি কুচক্রী মহলের মিথ্যাচার ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এক বিবৃতিতে তিনি বলেন, ডা: শফিকুর রহমান একজন সৎ ও জনপ্রিয় নেতা। তার প্রতি জনগণের সমর্থনে ভীত হয়ে একটি নৈতিকভাবে পরাজিত শক্তি তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের মতো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে এই অপপ্রচার বন্ধের হুঁশিয়ারি দেন।