বাকৃবিতে আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
বাকৃবি প্রতিনিধি
টেকসই কৃষি ও জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘আঞ্চলিক পরিসংখ্যান সম্মেলন-২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় দিনব্যাপী এ সম্মেলন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির (বিএসএ) যৌথ আয়োজনে সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘টেকসই কৃষি ও জনস্বাস্থ্য শক্তিশালীকরণে পরিসংখ্যানের ভূমিকা’। দিনব্যাপী সম্মেলনে চারটি টেকনিক্যাল সেশনে ৪০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, বিএসএ সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, বাউরেস-এর পরিচালক অধ্যাপক ড. এম হাম্মাদুর রহমান এবং বিএসএ সাধারণ সম্পাদক ড. দীপঙ্কর রায়।
এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রমিজা বেগম।