বিমান করাচিতে সপ্তাহে ৩টি ফ্লাইট চালাবে - ইসলামাবাদ হাইকমিশন
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।
গতকাল পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতার পর সাংবাদিকের সাথে আলাপকালে তিনি কথা জানান। এ সময় ঢাকা-করাচি ফ্লাইট চালুর অগ্রগতি বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে হাইকমিশনার বলেন, হ্যাঁ, আমরা পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
এ ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে কি না, এমন প্রশ্নে ইকবাল হুসাইন বলেন, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটগুলোও ভারতের আকাশসীমা দিয়ে উড়বে।
দ্য নিউজ বলছে, পাকিস্তানের ওপর ভারতের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকায় সহসা পাকিস্তানী এয়ারলাইনসের ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ এবং এয়ার-সিয়াল বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিসা কড়াকড়ির কারণে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পিআইএ ২০১৮ সালে আর্থিক ক্ষতি ও যাত্রীসংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশে তাদের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। অন্তর্বর্তী সরকার পাকিস্তানী নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। এখন দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এর আগে হাইকমিশনার ইকবাল হুসাইন খান ফরেন সার্ভিসেস একাডেমিতে রাখা বক্তব্যের পর পাকিস্তানের তরুণ কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। তবে সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ এবং আঞ্চলিক রাজনীতি এখনো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।