যশোরে স্বর্ণ ও বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৯০০ গ্রাম স্বর্ণ, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিজিবির ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,
জব্দ করা স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা।