ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছে এ ধরনের বড় ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

শুক্রবার বিকেলে মাছটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকশি মৎস্যঘাটের সাজ মৎস্য আড়তে বিক্রির জন্য আনা হলে হাকডাকের মাধ্যমে নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে আড়তদার মো: আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।

বকশি মৎস্যঘাট সূত্রে জানা গেছে, বকশিঘাটের নাসির মাঝি ও তার সঙ্গীরা মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় শিবচর সংলগ্ন জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় জালে অন্যান্য ছোট মাছ ও ইলিশের সাথে বড় আকারের ইলিশটিও ধরা পড়ে।

ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ জানান, ঘাটের ব্যাপারী ও পাইকারদের উপস্থিতিতে হাকডাকের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হয়। এতে আড়তদার মো: আকবর সর্বোচ্চ ১৪ হাজার টাকা দর দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী আকবর বলেন, ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে।

তিনি জানান, মাছটি অন্যান্য ইলিশের ঝুরির সাথে ঢাকায় পাঠানো হবে। সেখানে আরো ভালো দামে বিক্রির আশা করা হচ্ছে। বর্তমানে ইলিশের সরবরাহ কিছুটা কম থাকায় বাজারে সব ধরনের মাছের দাম তুলনামূলক বেশি।