চাল না পাওয়ায় লালমোহনে জেলেদের বিক্ষোভ
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে বরাদ্ধকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা। গতকাল বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছ ঘাটের বেড়িবাঁধে অসহায় জেলেদের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার শতাধিক জেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাছ ঘাটের ব্যাবসায়ী মো: সালাউদ্দিন দালাল, মো: ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ, লোকমান, ইউসুফ মাঝি, আইয়ুব মাঝি, কাঞ্চন মাঝি, মনির মাঝিসহ প্রায় শতাধিক জেলে। জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রকৃত জেলে, সরকারের সকল আইন মেনে আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকি। অবরোধে আড়ৎদারের দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ করা এবং বউ-সন্তান নিয়ে খুব কষ্টে দিনযাপন করতেছি।
অবরোধের ৪০ দিন পার হলেও জেলেরা প্রথম কিস্তির মৎস্য ভিজিএফ চাল এখনো পায়নি। কবে জেলেরা চাল পাবে তা বলছেন না ধলীগৌর নগর ইউনিয়ন চেয়ারম্যান মাকছুর রহমান। তাই আমরা জেলেরা ধার দেনার ও ঋণের চাপে না খেয়ে থাকায় বাধ্য হয়েই মানববন্ধন করেছি। ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদূর রহমান চাল বিতরণে গড়িমসি করছে। এ ছাড়া উপজেলা মৎস্য অফিস জেলেদের চাল পাওয়ার ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না। এ ছাড়া ঈদুল ফিতরের আগে বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেনি দায়িত্বপ্রাপ্তরা।
জেলেদের মধ্যে চাল বিতরণ না করার ব্যাপারে ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, দুইজন জেলের লিস্ট জমা দিয়েছে একজন এখনো দেয়নি। তার জন্য চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না। তারা যাদের নাম দিবে আমি তাদের জেলে কার্ড দেখে চাল বিতরণ করব।