লিবিয়ার কারাগারে বন্দী ২৬ বাংলাদেশীর মুক্তি দাবি
Printed Edition
আন্তর্জাতিক অভিবাসন দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর পালিত হলেও দিবসটির প্রাক্কালে লিবিয়ার কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ২৬ জন বাংলাদেশী অভিবাসীর মানবেতর জীবন নতুন করে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। লিবিয়ার জাওয়াইয়া ও ত্রিপোলির ভিরগানাম কারাগারে আটক এসব প্রবাসী দেড় বছরেরও বেশি ধরে বন্দিজীবন কাটাচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, অনেককে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ন্যায্য বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। অমানবিক পরিবেশে পর্যাপ্ত চিকিৎসা, খাদ্য ও আইনি সহায়তার অভাবে তাদের জীবন চরম ঝুঁকিতে রয়েছে। অধিকাংশই দালাল চক্রের মাধ্যমে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হন এবং বৈধ কাগজপত্রের অভাব কিংবা প্রশাসনিক জটিলতার কারণে কারাগারে বন্দী হন।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, ভিকটিম পরিবারের সদস্য মো: আবু ছায়েদ ও মো: রাকিব এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে আটক বাংলাদেশীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। তারা বলেন, আন্তর্জাতিক অভিবাসন দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি অভিবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি।
পরিবারগুলোর দাবি, দীর্ঘ বন্দিজীবনের কারণে তারা চরম আর্থিক ও মানসিক সঙ্কটে রয়েছে। মানবাধিকার নেতারা বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের জরুরি কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন।
এ দিকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিজ্ঞপ্তি।