সাবেক দুই ফাইনালিস্টের লড়াই আজ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
গ্রুপ পর্বে অপরাজিত থেকে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ধাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে তারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৭টায় শুরু ম্যচটি। ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্রিজটাউনের ওই রোমাঞ্চকর লড়াইয়ে ৭ রানে প্রোটিয়াদের স্বপ্ন ভেঙে শিরোপা জিতেছিল ভারত। এটি হতে যাচ্ছে ভারতের এগিয়ে যাওয়ার কিংবা প্রোটিয়াদের প্রতিশোধের মিশন।
টি-২০ তে এ পর্যন্ত ৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে দল দু’টি। তন্মধ্যে ২১টিতে জয় ভারতের। সাউথ অফ্রিকার জয় ১৩টিতে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে চারটিতে। ভারতের ব্যাটার ইশান কিষান ১৭৬ করে দলীয় শীর্ষে আর বোলার বরুন চক্রবর্তী ৯ উইকেট নিয়ে শীর্ষে। অপর দিকে প্রোটিয়া এইডেন মার্করামের রয়েছে ১৭৮ রান। ভারতের জন্য হুমকি হতে পারেন কুইন্টন ডি কক এবং গেম চেঞ্জার হতে পারেন মার্কো জানসেন।
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে বড়সড় ধাক্কা ভারত শিবিরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়ার একটি জোরাল শট সরাসরি সিরাজের হাঁটুতে আঘাত করে। আজ গুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগমুহূর্তে সিরাজের এই চোট টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন সিরাজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩ উইকেট পান তিনি।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই চোট পিছু ছাড়ছে না ভারতের। চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে যান হার্শিত রানা। এই পেসারের স্থলাভিষিক্ত হয়েছিলেন সিরাজ। এ ছাড়া অসুস্থতার কারণে যশপ্রীত বুমরা ও অভিষেক শর্মাকেও একটি করে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরও শারীরিক সমস্যায় ভুগেছেন। বুমরা, বরুণরা ফর্মে থাকলেও সিরাজকে শেষ পর্যন্ত একাদশে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়শা।
পেস বিভাগে অস্থিরতা থাকলেও স্পিন বিভাগে স্বস্তির কথা শুনিয়েছেন বোলিং কোচ মর্নে মরকেল। দলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর প্রশংসা করে তিনি তাকে ভারতের অন্যতম ‘স্ট্রাইক বোলার’ হিসেবে অভিহিত করেন। মরকেলের মতে, টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে বরুণ দলকে ব্রেক-থ্রু এনে দিচ্ছেন। এ দিকে টি-২০ বিশ্বকাপে আলোচনায় অভিষেক শর্মা। টানা তিন ম্যাচে ৮ বল মোকাবেলায় শূন্য রানে আউট। ব্যাট হাতে এমন বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও একাদশ সুপার এইটে তাকে বাদ দেয়ার পরিকল্পনা নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভারতের হয়ে ১৯২ স্ট্রাইকরেটে ১২৯৭ রান করে টি-২০ বিশ্বকাপ শুরু করেন অভিষেক। অথচ এখন পর্যন্ত রানের খাতাই খুলতে পারেননি।
সার্বিক দিক নিয়ে অধিনায়ক সূর্য কুমার বলেন, ‘আমারদের পরিকল্পনায় আমরা ঠিক আছি। প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা হতে যাচ্ছে মনস্তাত্ত্বিকও। গত বিশ^কাপে হারের একটা প্রভাব তাদের মাঝে রয়েছে, আমাদের কিছু প্লেয়ার ইনজুরিতে রয়েছে সত্যি, তাই বলে দুর্বল ভাবা ঠিক হবে না। তাদের কিছু বোলার এবং ব্যাটারের ওপর নজর থাকবে। বিশেষ করে বোলার এনগিডি।’
এবারের আসরের ফেভারিট টি-২০ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তাদের কাছে সমর্থকদের প্রত্যাশাও অনেক। আর এ কারণেই ভারতীয় দল প্রচুর চাপে আছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড। এই চাপকে কাজে লাগিয়ে সূর্যকুমার-পান্ডিয়াদের দুর্বলতাগুলো উন্মোচন করে ভারতকে কোণঠাসা করতে চান তিনি।
সংবাদ সম্মেলনে কনরাড বলেন, ‘সবার নজরে থাকা ভারতকে আরো চেপে ধরতে চাই। চাপ বড় বিষয়, তবে এটা শুধু আমাদের ওপর নয়, ভারতের ওপর বেশি আছে। আমরা সবসময় শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার চাপ নিয়ে কথা বলি, কিন্তু প্রতিপক্ষ কি পরিমাণ চাপে থাকে সেটা জানি না। আমি একবার বলছি না, টানা তিন ম্যাচে ‘ডাক’ মারা খেলোয়াড় দলে তার জায়গা নিয়ে চাপে আছে। বিশেষ করে ভারতের মতো দলের ওপর কড়া নজরদারি থাকে। সেমি-ফাইনালে পেরিয়ে ফাইনালে উঠতে তারা প্রচুর চাপে থাকবে। তাতে তাদের দুর্বলতা উন্মোচন করতে পারব এবং তাদের কোণঠাসা করতে পারব।’