ভুল তথ্য দিয়ে তেলের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা যুক্তরাষ্ট্রের : ইরান
Printed Edition
তাসনিম নিউজ
হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাংকার পারাপারে মার্কিন নৌবাহিনীর পাহারা দেয়ার মিথ্যা দাবি নিয়ে যুক্তরাষ্ট্রকে তীব্র উপহাস করেছে ইরান। মঙ্গলবার রাতে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, মার্কিন নৌবাহিনী সফলভাবে একটি তেলের ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে পাহারা দিয়ে নিয়ে গেছে। তবে পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মাথায় কোনো ব্যাখ্যা ছাড়াই সেটি মুছে ফেলা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ ওয়াশিংটনকে উপহাস করে বলেন, এটি বৈশ্বিক তেলের বাজারকে প্রভাবিত করার একটি ব্যর্থ প্রচেষ্টা। হোয়াইট হাউজও দ্রুত এই দাবিটি অস্বীকার করে একে ভুল হিসেবে আখ্যায়িত করেছে।
বিতর্কের সূত্রপাত হয় যখন ক্রিস রাইট দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় বিশ্ব জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখছে। তবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরে স্পষ্ট করেন, এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনী কোনো জাহাজ বা ট্যাংকারকে পাহারা দেয়ার কাজ পরিচালনা করেনি। এমনকি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইনও নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকার সুরক্ষার জন্য কোনো সামরিক অভিযান এখনো শুরু হয়নি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত শুরুর পর থেকে এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন কর্মকর্তাদের এই মুছে ফেলা পোস্টটিকে ‘পরিকল্পিত অপতথ্য’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে, মার্কিন কর্মকর্তারা বাজার নিয়ন্ত্রণের জন্য ভুয়া খবর ছড়াচ্ছেন।