আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযান : মালামাল ধ্বংস
Printed Edition
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসা অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে নষ্ট করা হয়।
গতকাল দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় উমাই ফুড অ্যান্ড ভেবারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এ সময় র্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা চালিয়ে আসছিল। ওই কারখানায় আমরা অভিযান চালিয়েছি র্যাবের সহায়তায়। এখানে বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোধন ব্যতিত এবং শিশু খাদ্য উদ্ধার করেছি এবং তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে গেছে। তাকে না পেয়ে তার যে প্রতিনিধি ছিল তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে।
স্থানীয় বিএনপি নেতা মো: রুবেল শেখ জানান, দীর্ঘদিন ধরেই এই কারখানা বন্ধ করার জন্য বিভিন্ন দফতরে অনুরোধ জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসীর সহায়তা নিয়ে কারখানায় জুস বানানোর সময় হাতে নাতে ধরি।