মেয়ের জন্মদিনে সবুর-আলির আবেগঘন পোস্ট
Printed Edition
বিনোদন প্রতিবেদক
পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি সবুর আলি এবং আলি আনসারি তাদের মেয়ে সেরেনার প্রথম জন্মদিনের অত্যন্ত আদুরে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ছবিগুলোর সাথে দেয়া ক্যাপশনে ফুটে উঠেছে এক আবেগঘন বার্তা, যেখানে এই দম্পতি জানিয়েছেন, কেন তারা ছবিগুলো পোস্ট করতে কিছুটা দেরি করেছেন। তারা দ্বিধায় ছিলেন, এই ব্যক্তিগত আনন্দটুকু কি একান্তই নিজেদের হৃদয়ে জমিয়ে রাখবেন নাকি সবার সাথে ভাগ করে নেবেন। অবশেষে এক বছরের পূর্ণতা উদযাপনে তারা তাদের সেই ‘ম্যাজিক’ মুহূর্তগুলো ভক্তদের সামনে নিয়ে আসেন।
আলি এবং সবুর তাদের যৌথ পোস্টে উল্লেখ করেন, সেরেনার আগমনে তারা এমন এক গভীর এবং প্রবল ভালোবাসার সন্ধান পেয়েছেন, যা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। গত একটি বছরের প্রতিটি মুহূর্ত তাদের কাছে ছিল বিস্ময়কর। ছোট ছোট কান্নার ভাষা শেখা, শিশুর না বলা প্রয়োজনগুলো বুঝতে পারা, বিনিদ্র রাত কাটানো থেকে শুরু করে পরম মমতায় জড়িয়ে ধরা, সব মিলিয়ে মা-বাবা হওয়ার এই রূপান্তরটিই তাদের জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। তারা বিস্ময় প্রকাশ করে বলেন, কীভাবে একজন ছোট্ট মানুষ তার ছোট্ট দু’টি হাতে তাদের পুরো পৃথিবীটা আগলে রাখতে পারে।
মেয়ের ভবিষ্যতের জন্য অঙ্গীকার করে এই দম্পতি জানান, তারা সবসময় সেরেনাকে আগলে রাখবেন, সঠিক পথ দেখাবেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকবেন। মেয়ের প্রতিটি ছোট-বড় সাফল্য উদযাপন করা এবং কান্নার দিনে পরম সান্ত¡না হয়ে থাকাই তাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানের ছবিগুলোতে দেখা যায়, মা ও মেয়ে একই রঙের সাদা-কালো পোলকা-ডট পোশাকে সেজেছিলেন, যা দেখতে অত্যন্ত কিউট লাগছিল। পাশেই বাবা আলি আনসারির মুখে ছিল এক গর্বিত ও আনন্দিত হাসি। পুরো আয়োজনের সাজসজ্জায় ছিল গোলাপি রঙের প্রাধান্য। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিল একঝাঁক কিউট খেলনা পুতুল, যাদের মাথায় ছিল জন্মদিনের টুপি। এমনকি একটি ছবিতে সেরেনাকে কৌতূহলী হয়ে কেকের উপরের ফুলগুলোর ঘ্রাণ নিতে দেখা যায়। সব মিলিয়ে ভালোবাসায় মোড়ানো এই পোস্টটি ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ছোট্ট সেরেনার প্রতি ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুভেচ্ছায় সিক্ত।