বাণিজ্য উপদেষ্টার সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
back-3
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে গতকাল বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসি সাক্ষাৎ করেন : পিআইডি

বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীনের সাথে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে ইরানের ট্রেড ভলিউম সক্ষমতার চেয়ে ছোট। উভয় দেশেরই প্রচুর রফতানি সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দু’দেশেকেই লাভবান করবে উল্লেখ করে এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ফার্মিং খাতে ইরানকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেন, ইরান বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষার মিল দু’দেশের মানুষকে শক্ত বন্ধনে আবদ্ধ করলেও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনেও শক্ত ভিত পায়নি। এখন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে ইরান আগ্রহী।

এ সময় উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ও ইরান দূতাবাসের সেক্রেটারি ফর ইকনমিক অ্যাফেয়ার্স মাহমুদ খোশরাভি।