প্রেস মালিকদের মন্ত্রীর হুঁশিয়ারি
মানসম্পন্ন বই দিতে না পারলে আগামীতে কাজ পাবেন না
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
প্রেস মালিকদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভালোমানের বইয়ে সরকার কোনো ছাড় দেবে না আগামী বছর (২০২৭ সালে) শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই সময়মতো তুলে দিতে কোনো প্রেস মালিক ব্যর্থ হলে আগামীতে তিনি কোনো কাজই পাবেন না। কাজেই আপনারাই ঠিক করুন আপনারা কি করবেন। গতকাল সকালে মতিঝিলস্থ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হলরুমে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এনসিটিবির সদস্য (কারিকুলাম) অধ্যাপক ফাতিহুল কাদীর সম্্রাট, সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর আবু নাসের টুকু, সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) প্রফেসর ড. মো: ইকবাল হায়দার, সদস্য (অর্থ) আজীজ হায়দার ভূঁইয়া, সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, সঠিক সময়ে নতুন বই দিতে হবে আমাদের সন্তানদের। যদি না দেন, সামনে আর কাজ করতে পারবেন না। এমনভাবে প্যান্ট পরবেন, যেন জিপার ঠিক থাকে। আমরা চাইলে আপনাদের অ্যাসোসিয়েশন ভাঙতে পারতাম; কিন্তু কোনো হস্তক্ষেপ করব না। প্রধানমন্ত্রী নিজে এখনো সরকারি বাসভবনে ওঠেননি, কোনো ভবনে যাননি। এ দেশে এখন আর কেউ খিচুড়ি রান্না শিখতে বিদেশে যেতে পারবেন না।
বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, বই এমনভাবে ছাপতে হবে, যেন ছবিগুলো সুন্দর হয়। শিশুরা দেখে যাতে আনন্দ পায়। এটি আমরা কেন পারব না? এটা আমাদের ঈমানী দায়িত্ব। অনেকে আমার কিছু কথায় আহত হয়েছেন। কিন্তু বই নিয়ে এটি আমাদের করতেই হবে। সভায় প্রায় দুই শতাধিক প্রেস মালিক উপস্থিত ছিলেন। এ ছাড়া এনসিটিবি বিভিন্ন বিভাগ বা উইংয়ের প্রধান এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।