বসুন্ধরা সিটি শপিংমলে বিএসটিআইয়ের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

Printed Edition

নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ব্যতীত নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আলমাস সুপার শপ-এ বিএসটিআইয়ের পরীক্ষণ ও ছাড়পত্রবিহীন নিম্নমানের শিশু খাদ্য, যেমন- চকলেট, ফ্লেভার ড্রিংস, গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য এবং কসমেটিক বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউজের বিরুদ্ধে নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। বিএসটিআইয়ের পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মো: সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা আহসান হাবিব খান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি।