মাদারগঞ্জে ভাঙাচোরা রাস্তায় দুর্ভোগ
Printed Edition
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়ন সুখনগরী গ্রামে প্যারামেডিক্যাল কলেজের সামনের রাস্তা দিয়ে গাবের গ্রাম বাজার থেকে নাংলা বাঁধের মাথা দিয়ে প্রায় ২০টি গ্রামের মানুষ চলাচল করেন এই রাস্তায়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন জায়গা এবড়োখেবড়ো। এর মধ্যে কিছু দিন আগে বড় গর্ত সৃষ্টির কারণে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ কৃষিপণ্য পরিবহনের কাজে হাজার হাজার মানুষ চলাচল করেন। এই সড়কের বেহাল দশার কারণে, অটো, ভ্যান মোটরসাইকেলসহ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আরিফুল নামে একটা অটোচালক বলেন, মানুষ যদি অসুস্থ হয় তাহলে কাঁধে নিয়ে রাস্তা পার করতে হয় গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে সাধারণ জনগণ দুর্ভোগে ভুগছেন, এলাকাবাসী দ্রুত মেরামতের দাবি জানান। এই বিষয়ে মাদারগঞ্জ উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ভাঙনের চিত্রটি আমি দেখেছি সমস্যা হলো আমাদের কোনো ফান্ড নেই তবুও বিষয়টি দেখতেছি।