অপহরণের ৯ দিন পর ফার্মেসি ব্যবসায়ীকে উদ্ধার
Printed Edition
চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছার একটি ইটভাটা থেকে যশোর থেকে অপহৃত ভেটেনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছেন। গত বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি বাজার এলাকার একটি ইটভাটার পাশ থেকে তার মোটরসাইকেলে চোখ-হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।
তিনি জানান, গত ২ মার্চ রাতে ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন ভেটেনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়। ঘটনার পর থেকে পুলিশ, বিভিন্ন গয়েন্দ সংস্থা ও র্যাবের একটি দল অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালায়।
বুধবার গভীর রাতে গোপন সূত্রে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি গ্রামের একটি বাজার এলাকার একটি ইটভাটায় ওই ব্যবসায়ী অবস্থান করছেন।
পরে গভীর রাতে তাদের একটি দল খোলসি ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ভাটার কাছাকাছি একটি ছাপড়া ঘরের পাশে তার নিজের মোটরসাইকেলের সাথে চোখ-হাত বাঁধা অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করেন।
তবে এ অভিযানে রাবের উপস্থিতি টের পেয়ে আগেই অপহরণকারীরা সটকে পড়ে। জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে রাতেই র্যাব ক্যাম্পে আনার পর তার পরিবারে খবর দেয়া হয়। তিনি সুস্থ রয়েছেন। তাকে প্রয়োজনীয় সেবা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।