মে মাসে নির্বাচনের তারিখ ও জুনে ডাকসু নির্বাচন চাই : বিন ইয়ামিন মোল্লা

হারুন ইসলাম
Printed Edition
3rd-3
ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন : নয়া দিগন্ত

মে মাসেই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, একই সাথে ডাকসু নির্বাচন জুন মাসে অনুষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, অনেক প্রতীক্ষার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি টাইমলাইন পেলাম। কিন্তু সেই টাইমলাইনে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নেই। আমরা চাই মে মাসেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক একই সাথে ডাকসু নির্বাচন জুন মাসে অনুষ্ঠিত হোক। আমরা অতীতে দেখেছি ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা হয়েছে নানাভাবে। বর্তমানে একটি গোষ্ঠী ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। লম্বা সংস্কারের আলাপ দিচ্ছে। আমরা চাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মৌলিক সংস্কার করুক। যেসব অপরিহার্য সংস্কার সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করুক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডাকসুর টাইম লাইন দিতে পেরেছে তার জন্য সাধুবাদ জানাই; তবে ডাকসুর তারিখ অনুল্লিখিত রয়েছে, যা দুঃখজনক। আর যারা ডাকসু নির্বাচন বানচাল করতে চায় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা তাদের মুখোশ খুলে ফেলব। প্রশাসনের প্রতি অনুরোধ বানচাল করার অপচেষ্টার সামনে আপনারা মাথা নত করবেন না।