এমপি প্রার্থী জালালউদ্দিন ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা তদন্তে দুদক-সিআইডি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো কোনো এক সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে পরিবারসহ
দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জালালউদ্দিন এবং তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে এই আদেশ জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দেন।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আবেদনের ভিত্তিতে মামলাটি তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ক্রাইম ইউনিট ও দুদক। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জালালউদ্দিন ছাড়াও তার স্ত্রী শাহানাজ শারমীন, ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসমিয়া তানভীরের বিরুদ্ধে একই আদেশ দেয়া হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, জালালউদ্দিনের বিরুদ্ধে ১৮টি ব্যাংকের ১৪৭টি হিসাবের মাধ্যমে প্রায় ৪৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রথমে বিষয়টি অনুসন্ধানে নেয়।
প্রাথমিক তদন্তে দুদক ও সিআইডি জালালউদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের তথ্য পেয়েছে বলে জানা গেছে। তদন্তে আরো এসেছে, জালালউদ্দিন ও তার স্ত্রী-সন্তানদের নামে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে একাধিক ব্যাংক হিসাব রয়েছে।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালালউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছেন চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার দলীয় নেতাকর্মীরা। স্থানীয় সূত্র জানায়, এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে দীর্ঘদিন সংযোগ না থাকলেও হঠাৎ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এলাকায় প্রায় প্রতিদিন ক্ষোভ-বিক্ষোভ চলছে।