কৃষক বাঁচলে দেশ বাঁচবে : এমপি জাহিদুর

Printed Edition

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে সংবাদদাতা

কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকার নানা ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড মরিচ ও গ্রীষ্মকালীন শাকসবজির বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমপি জাহিদুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন মরিচ চাষিকে হাইব্রিড মরিচের বীজ, ১০ কেজি সার ও বালাইনাশক দেয়া হয়। এ ছাড়া দুই হাজার ৬০০ জন গ্রীষ্মকালীন শাকসবজি চাষিকে শাকসবজির বীজসহ মোট ৩০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। ইউএনও গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিল্লুর রহমান চৌধুরী, যুবদল নেতা দিদারুল ইসলাম রানাসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় চাষিরা।