বিভিন্ন স্থানে হাদির গায়েবানা জানাজা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
শহীদ শরিফ ওসমান হাদির জন্য দেশের বিভিন্ন স্থানে গতকাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন। তারা কান্নাজড়িত কণ্ঠে হাদির রূহের মাগফিরাত কামনা করেন।
সিলেট ব্যুরো জানায়, যেকোনো মূল্যে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, যারা মনে করে এক হাদিকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদির রক্তে রঞ্জিত এই বাংলাদেশে লক্ষ হাদি জন্ম নেবে। সিলেটের জেলা প্রশাসক।
সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার উপস্থিত হয়ে এসব কথা বলেন তিন।
জেলা প্রশাসক বলেন, এই ধরনের ষড়যন্ত্র যাতে আর সংঘটিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদির মতো আর কোনো নেতা এ রকম ষড়যন্ত্রের শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর বরদাশত করব না। আমরা যেকোনো মূল্যে এটি প্রতিহত করব।
সবার প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, আমরা এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়।
কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না।
সিলেট সম্প্রীতির শহর উল্লেখ করে তিনি বলেন, যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে।
গতকাল জোহরের নামাজের পর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে সিলেট জেলা জুলাই যোদ্ধা সংসদ।
এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের মুসল্লি।
জানাজা শেষে ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ফেনী অফিস জানায়, ফেনী ইউনিভার্সিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়বানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিভার্সিটি ক্যাম্পাসে জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন সিইসি ৩১তম বিভাগের ছাত্র হাফেজ নোমান। বক্তব্য রাখেন- ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান আলী আকবর সিয়ান, আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেশকাত ও নুর হোসেন।
তারা বলেন, ওসমান হাদিকে হত্যার মধ্যে যারা ভেবেছে বিপ্লবীদের থামিয়ে দেয়া হবে তারা ভুল ভাবছে। এ দেশে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। হাজার হাজার ওসমান হাদি এ দেশে রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ। আমরা চাই হাদি ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হোক।
ঝালকাঠি থেকে প্রতিনিধি জানান, শরীফ ওসমান বিন হাদির রূহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জোহর নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ছাত্র-জনতা এই আয়োজন করেন। এ সময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সিদ্দিকুর রহমান, অফিস সসম্পাদক মাহমুদ হাসান বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায় ইয়াসিন ফেরদৌস ইফতি, গণ অধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ঝালকাঠি জেলা কমিটিন যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, আমাদের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা হত্যা করেছে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।