পীরগঞ্জে পেঁয়াজের বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা
Printed Edition
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেঁয়াজের কন্দ থেকে বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা দেয়া দিয়েছে। উপজেলার কৃষকরা এখন পেঁয়াজের কন্দ (কদম) থেকে বীজ চাষে ব্যস্ত সময় পার করছেন। এ প্রকল্প সফল হলে ক্রমান্বয়ে আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের উৎপাদিত পেঁয়াজই দেশের প্রয়োজন মেটাতে সক্ষম হবে বলে আশা করছেন তারা।
মাঠ পর্যায়ের কৃষকরা বলছেন, সঠিক তদারকি আর সরকারি সহায়তা পাওয়ায় তারা এবার বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছেন। আগে পেঁয়াজের বীজ কেনা ছিল এক বড় বিনিয়োগের ব্যাপার। এখন হাতের কাছে সরকারি সহায়তা ও পরামর্শ পাওয়ায় তারা নির্ভয়ে চাষাবাদ করছেন। কৃষি অধিদফতরের বিশেষ উদ্যোগে ও সরকারি প্রণোদনায় এবার পীরগঞ্জের মাটিতে পেঁয়াজ বীজের বাম্পার ফলনের আশা জাগছে, যা বদলে দিতে পারে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।
কৃষি অফিস সূত্র জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার ৮০ জন কৃষককের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রতিজন কৃষককে ২০ শতাংশ জমিতে চাষাবাদের জন্য উন্নত মানের বীজ, সার ও অন্যান্য আনুষঙ্গিক কৃষি উপকরণ দেয়া হয়েছে।