প্রধানমন্ত্রীর সাথে একান্ত আলাপ
হাতে লেখা চিরকুট দিয়ে ফ্লোর নিলেন সাইফুল আলম খান মিলন
Printed Edition
সংসদ প্রতিবেদক
বারবার লিখিত নোটিশ দিয়েও জরুরি জনগুরুত্বসম্পূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছিলেন না ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ বিষয়টি ছোট্ট চিরকুট দিয়ে জানিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে। চিরকুটের বিষয়টি খুবই জরুরি হওয়ায় সংসদ সদস্যকে আশাহত করেননি স্পিকার। বিধি-৭১-এর আলোচনার শেষের দিকে চিরকুটটি পড়ে শোনান স্পিকার। এ সময় পুরো সংসদ কক্ষে হাস্যরসে মেতে ওঠেন সদস্যরা। অনেকেই বলেন, উনি তো প্রায় প্রতিদিনই দাঁড়ান। পরে উনাকে ফ্লোর দেন স্পিকার।
দাঁড়িয়ে সাইফুল আলম খান মিলন বলেন, আমি যে বিষয়ে কথা বলব সেগুলো পুরো রাজধানীর সমস্যা। এ সময় তিনি রাজধানীর জলাবদ্ধতা, ওয়াসার পানিতে মারাত্মক দুর্গন্ধ, বর্জ্য অব্যবস্থাপনা এবং গ্যাস সঙ্কটের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সামনে বর্ষা মৌসুম শুরু হবে। এখনই উদ্যোগ না নিলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে। তিনি জানান, দুর্গন্ধের কারণে ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অব্যবস্থাপনার কারণে চার দিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি অবিলম্বে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এ দিকে আসরের নামাজের বিরতিতে সবাই যখন সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসেন সাইফুল আলম খান মিলন। তার আসা দেখে প্রধানমন্ত্রী বের হওয়ার প্রস্তুতি নিয়েও নিজ আসনে দাঁড়িয়ে থাকলেন। কাছে আসতেই বিরোধীদলীয় এই সংসদ সদস্যের সাথে হাত মেলান। এ সময় দু’জনেই কয়েক মিনিট কথা বলেন। আলোচনার সময় প্রধানমন্ত্রী বারবার তার পাশে দাঁড়িয়ে থাকা এলজিআরডি প্রতি মন্ত্রী মীর শাহে আলমের দিকে হাত দিয়ে ঈশারা দেন। একপর্যায়ে প্রতি মন্ত্রীকে ডেকে বিরোধীদলীয় এই সংসদ সদস্যের সাথে কথা বলিয়ে দেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় সংসদ সদস্য যখন কথা বলছিলেন তখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, একাধিক মন্ত্রী, প্রতি মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় সদস্যের সাথে কী বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত এক সংসদ সদস্য বলেন, রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে তারা কথা বলেছেন। প্রধানমন্ত্রী সংসদ সদস্যকে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। আলোচনায় দু’জনেই তাদের বিদেশে অবস্থানরত অভিজ্ঞতা শেয়ার করেছেন।