কোটচাঁদপুরে ২৫ লাখ টাকার মাছ লুট

Printed Edition

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের পারলাট বিলে জোরপূর্বক দখল ও বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে একটি সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার কোটচাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী আলতাফ হোসেন।

লিখিত বক্তব্যে আলতাফ হোসেন অভিযোগ করেন, গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টার মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক তার মালিকানাধীন বিলের ডোবা জমিতে হামলা চালায়। এ সময় বিভিন্ন প্রজাতির মাছের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ছাড়া দেশী প্রজাতির মাছের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকার মাছ জোরপূর্বক লুট করে নিয়ে যায়।

এ ছাড়া লুটের সময় ৩৫ বস্তা মাছের খাদ্য (ফিড), খৈল ও ১৫ বস্তা পালিশও নিয়ে যাওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকার বেশি। এ ঘটনায় পারলাট গ্রামের ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাদের বিরুদ্ধে লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেন। এ ঘটনায় তিনি ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা, দখলমুক্ত জমি ফেরত এবং ক্ষতিপূরণের দাবি জানান।