মুজিবনগরে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক
Printed Edition
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশী অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও রথ্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটক আরিফুল হক মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে ও মুজিবনগরের মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
যৌথবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল হক মিঠুর কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। উল্লেখ্য, তার গ্রেফতারের দাবিতে ২০২৩ সালে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, আটককৃত আরিফুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এ মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।