রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

Printed Edition
onno-2
রাশিয়ার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

মস্কো টাইমস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসন্ন অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়ার সাথে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। সোমবার সাংবাদিকদের সাথে এক আলাপকালে তিনি এই প্রস্তাবের পাশাপাশি উভয় পক্ষকে একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখারও আহ্বান জানান।

জেলেনস্কি মনে করেন, জ্বালানি খাতে হামলা বন্ধ করলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্যের চাপ কিছুটা প্রশমিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, যারা জীবনকে সম্মান করে এমন সব ‘স্বাভাবিক মানুষ’ একটি স্থায়ী যুদ্ধবিরতি চাইবে। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন, ইউক্রেনের মর্যাদা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো প্রকার আপস করা হবে না। উল্লেখ্য, এ বছর অর্থোডক্স ইস্টার আগামী ১৬ এপ্রিল উদযাপিত হবে।

গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এককভাবে ইউক্রেনের সাথে ৩০ ঘণ্টার একটি ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। সেই সময় জেলেনস্কি মস্কোকে এই সাময়িক বিরতিকে ৩০ দিনে বর্ধিত করার অনুরোধ জানিয়েছিলেন যাতে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয়; কিন্তু পুতিন সেই প্রস্তাবটি উপেক্ষা করেছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইলি জোটের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা স্থগিত রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যা এই যুদ্ধের সমীকরণকে আরো জটিল করে তুলেছে।