শাকসু নির্বাচনে প্রথম দিনেই মনোনয়নপত্র নিলেন ৪৬ জন
Printed Edition
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল প্রথম দিনেই মনোনয়নপত্র নিলেন ৪৬ জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি ফরম বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম। এর আগে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু করে নির্বাচন কমিশন এবং গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোটারসংখ্যা ৯ হাজার ১২৪। এর মধ্যে ছাত্রদের শাহপরান হলে দুই হাজার ২২০, বিজয় ২৪ হলে দুই হাজার ১৫৬ এবং সৈয়দ মুজতবা আলী হলে এক হাজার ৪২২ জন ভোটার রয়েছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে এক হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে এক হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।
এ দিকে মনোনয়ন জমার আগে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়ন জমার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি এবং ডোপ টেস্টের রশিদ জমা দিতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় সংসদের জন্য তিনশো টাকা এবং হল সংসদের জন্য দুইশো করে টাকা ব্যাংকে জমা দিতে হবে। বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।