কালিগঞ্জে শিক্ষার্থীরা গড়ে তুললেন দেড় শতাধিক পাখির অভয়াশ্রম
Printed Edition
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলতে কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা তৈরি করেছেন পাখিদের দেড় শতাধিক অভয়াশ্রম। কলেজের সুবিশাল ক্যাম্পাসজুড়ে বিভিন্ন গাছে স্থাপন করা এসব আশ্রয়স্থল শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্যোগের নতুন দৃষ্টান্ত। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকায়ন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। তিনি বলেন, মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। সুস্থ জীবন নিশ্চিত করতে হলে পরিবেশ রক্ষা করা জরুরি। ঘূর্ণিঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বনজ সম্পদ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি জীবজগতের প্রতি দয়াশীল হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। পাখিদের আশ্রয়ের এই উদ্যোগকে তিনি মানবিক ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সিরাজুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রভাষক মিত্র তাপস কুমার এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক মোসলেম উদ্দীন, মহিউদ্দীন, রবিউল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, তাহমিনা পারভীন, রেশমা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী অপুর্ব বর, আজমীর হোসেন, জিৎ ধর, লাবিব হাসান, পরমা দাস, নওশিন নুহা, আনিসা মাহাজাবিন, মাসুদুর রহমান, রাদিত কবির ওশান, মালিহা মেহনাজ মুহীসহ অসংখ্য শিক্ষার্থীও অংশ নেন।
ক্যাম্পাসে পাখিদের এই নতুন আশ্রয় প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা ও সৃজনশীলতার অনন্য উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন ক্যাম্পাসসংশ্লিষ্ট স্থানীয়রা।