শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য মন্ত্রীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো প্রকার আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল সোমবার সচিবালয়ে নিজ অফিস থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) সাথে টেলিফোনে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: রেজুয়ান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে মন্ত্রী আসন্ন রমজান উপলক্ষে তিন পার্বত্য জেলায় নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির পরিমিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।
পার্বত্য অঞ্চলের ভূমিসংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী প্রজ্ঞার সাথে সমাধানের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য এলাকায় কোনো প্রকার দুর্নীতি বা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। মন্ত্রী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে সর্বোচ্চসংখ্যক চারা রোপণের তাগিদ দেন। একই সাথে তিন জেলাতে পরিবেশবান্ধব ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও যুব উন্নয়নের বিষয়গুলোকে নিবিড়ভাবে তদারকি করার জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেন দীপেন দেওয়ান। এ ছাড়া বান্দরবানের লামা থেকে শুরু হতে যাওয়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম যেন স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়, সে বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।