ভোটের আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। জয়পুরহাট ও মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। অন্য দিকে গাজীপুর ও বরিশালে জামায়াত এবং এবি পার্টির কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রংপুরে জাতীয় পার্টি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
জয়পুরহাটে রণক্ষেত্র সরকারি কলেজ গেট : গতকাল বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধানের দাবি, স্বতন্ত্রপ্রার্থী ভাড়াটে কর্মী নিয়ে ভোট কেনার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। অন্য দিকে স্বতন্ত্রপ্রার্থী শিখা অভিযোগ করেন, কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা ও শ্লীলতাহানি করেছে। এই ঘটনায় আহত ১১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জে কেন্দ্র পরিদর্শন নিয়ে সংঘর্ষ : বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থী মো: মহিউদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব রাখীরকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে হামলার সূত্রপাত হয়। ভাঙচুর করা হয় ভোটকেন্দ্রের আসবাবপত্র। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গাজীপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা : মঙ্গলবার রাতে গাজীপুরের কোনাবাড়ি বিসিক এলাকায় নির্বাচনী প্রশিক্ষণ শেষে ফেরার পথে হামলার শিকার হন ১০ জামায়াত নেতাকর্মী। স্থানীয় জামায়াত নেতাদের অভিযোগ, বিএনপি নেতাদের সন্তানদের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ এ হামলা চালানো হয়। তবে পুলিশ জানায়, প্রাথমিক উত্তেজনার পর উভয় পক্ষ আপস-মীমাংসায় পৌঁছেছে।
রংপুরে জাপা-এনসিপি হাতাহাতি : রংপুর ব্যুরো জানায়, রংপুর-৪ আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির প্রার্থীর পথ রোধ করে এনসিপি নেতাকর্মীরা। এ নিয়ে দুইপক্ষের হাতাহাতিতে দুইজন গুরুতর আহত হন। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ এক জামায়াত নেতাকে উদ্ধার করে। উভয়পক্ষই এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে।
বরিশালে এবি পার্টির কার্যালয়ে হামলা : বরিশাল-৩ আসনের মাধবপাশায় এবি পার্টির ইউনিয়ন কার্যালয়ে হামলার অভিযোগ তুলেছেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেন, বিএনপি প্রার্থীর কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে এসে কার্যালয়ে ঢুকে এই হামলা চালায়। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংশ্লিষ্ট এলাকাগুলোর পুলিশ প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।