বন্দীদের মোবাইল সরবরাহসহ নানা অভিযোগে নারায়ণগঞ্জ কারাগারের ১১ রক্ষীকে বদলি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বন্দীদের মোবাইল সরবরাহ, ওয়ার্ড বাণিজ্য, বিলম্বে লকআপ করানোসহ নানা অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের প্রধান কারারক্ষীসহ মোট ১১ কারারক্ষীকে একযোগে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট ডিভিশনের ডিআইজি প্রিজনকে নির্দেশনা দেয়া হয়েছে।

বদলি হওয়া প্রধান কারারক্ষী মো: আনোয়ার হোসেনকে নীফামারী জেলা কারাগারে, সহকারী প্রধান কারারক্ষী মো: শাহ জালালকে পঞ্চগড়ে, সহকারী প্রধান কারারক্ষী মো: নাছির উদ্দিনকে বাগেরহাটে, কারারক্ষী মিসর চাকমাকে সাতক্ষীরায়, মো: হারুন আর রশীদকে বরগুনায়, মো: রাজীবকে ঠাকুরগাঁওয়ে, মো: মাহতাবকে মেহেরপুরে, মো: সমীর মুফতিকে রাঙ্গামাটিতে, মো: শামসুল হুদাকে ঝালকাঠিতে, মো: জাহিদুল আলমকে মৌলভীবাজারে এবং মো: জাহিদ হাছানকে নওগাঁ জেলা কারাগারে বদলি করা হয়েছে।

তাদের মধ্যে প্রধান কারারক্ষী আনোয়ার হোসেনের বদলির আদেশে কারণ হিসেবে বলা হয়েছে, অর্থের বিনিময়ে বন্দীর রিপোর্ট ধরে ছেড়ে দেয়া ও ওয়ার্ড বাণিজ্যর সাথে জড়িত থাকার অভিযোগ। একইভাবে সহকারী প্রধান কারারক্ষীদের বিষয়ে বলা হয়েছে, বন্দীদের আত্মীয়স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন ও বিশেষ প্রকৃতির বন্দীদের অর্থের বিনিময়ে বিলম্বে লকআপ করা। এ ছাড়া কারারক্ষী রাজীবের বদলির বিষয়ে বলা হয়েছে, অর্থের বিনিময়ে কারা অভ্যন্তরে বন্দীদের বাটন ফোন সরবরাহ ও আর্থিক লেনদেন করার অভিযোগ রয়েছে।