কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একাট্টা বঞ্চিত ৫ নেতা

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের পাঁচ মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা। তারা অভিযোগ করছেন, মাজহারুল ‘জনবিচ্ছিন্ন’ এবং তৃণমূলের পছন্দের প্রার্থী নন। তার বদলে ত্যাগী ও গ্রহণযোগ্য কোনো নেতাকে আবার মনোনয়ন দেয়ার দাবি তুলেছেন তারা।

এ আসনে মাজহারুল ছাড়াও মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাবেক সহসভাপতি রুহুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানী এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।

এর মধ্যে ওয়ালীউল্লাহ রাব্বানী ছাড়া বাকি পাঁচজন এক মঞ্চে এসে মশাল মিছিল, সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

রোববার ও সোমবার টানা কর্মসূচির অংশ হিসেবে পাঁচ নেতা একত্র হয়ে স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক এমপি মাসুদ হিলালী। তিনি অভিযোগ করেন, ‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জনসমর্থনহীন একজনকে মনোনয়ন দেয়া হয়েছে, যিনি অতীতে দুইবার মেয়র প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন এবং আওয়ামী লীগের সাথে আঁতাতের কারণে কখনো মামলার মুখোমুখি হননি।’

রেজাউল করিম খান চুন্নু বলেন, ‘আমরা কেন্দ্রের কাছে মনোনয়ন বাতিলের আবেদন করেছি। দাবি মানা না হলে আন্দোলন চলবে।’ রুহুল হোসেন অভিযোগ করেন, ‘মাজহারুল বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিয়েছেন।’ শরিফুল ইসলাম বলেন, ‘মাজহারুল ছাড়া অন্য যেকোনো প্রার্থীকে দেয়া হলে সবাই একসাথে কাজ করবে।’ খালেদ সাইফুল্লাহ সোহেল দাবি করেন, ‘দলের মূল নেতাকর্মীরা মাজহারুলের পাশে নেই।’

এ বিষয়ে মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘সবকিছু যাচাই-বাছাই করেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। হাজারো নেতাকর্মী আমার পক্ষে মাঠে কাজ করছেন। আশা করি, দলীয় সিদ্ধান্তে তারাও একসাথে কাজ করবেন।’