বগুড়ার নন্দীগ্রামে শিবির সভাপতি
নতুন বাংলাদেশ গড়তে জামায়াত প্রার্থীদেও বিজয়ী করতে হবে
Printed Edition
বগুড়া অফিস ও নন্দীগ্রাম সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।
শিবির সভাপতি দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম জিয়ার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানের বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে। ইসলামী ছাত্রশিবির জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। আমরা জীবনবাজি রেখে শহীদদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ।
গতকাল বিকেলে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য রাখেন পাবনা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্যারিয়ার ডেভেলেপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার প্রমুখ।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। এদেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। নতুন বাংলাদেশ হবে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাব্বিশ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবে না। দেশের মানুষ নতুন ধারার রাজনীতি চায়। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম হবেন তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দু’জন বাংলাদেশী হত্যার পর দেশের বড় দলের দাবিদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি। দেশের ছাত্রসমাজ কোনো তাঁবেদারকে ক্ষমতায় দেখতে চায় না।
সভাপতির বক্তব্যে এমপি প্রার্থী পারভেজ ফয়সাল খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে বলেন, নির্বাচিত হলে এলাকাকে মডেল হিসেবে গড়ে তুলব। যারা হুমকি দিচ্ছেন কেন্দ্র দখল করবেন, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।