ছোটদের সময় পত্রিকার যুগপূর্তি
শিশু একাডেমির কার্যপরিধি আরো বাড়ানো হবে : উপদেষ্টা শারমীন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শিশুসাহিত্যের জনপ্রিয় ম্যাগাজিন ‘ছোটদের সময়’ নিয়মিত প্রকাশনার এক যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজন করে দিনব্যাপী ‘ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব-২০২৫।’
উৎসবের উদ্বোধনী আয়োজনে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, শিশু-কিশোরদের রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। একটি জাতির ভবিষ্যৎ এই শিশু-কিশোর। আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, একাডেমির কার্যপরিধি আরো বিস্তৃত করার জন্য সরকার শিশু একাডেমির জন্য আলাদা নতুন নীতিমালা তৈরি করবেন। যাতে করে শিশু একাডেমি একটি অধিদফতরের মতো কাজ করতে পারে।
উৎসবে ছিল শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, গল্পবলা প্রতিযোগিতা, ছড়াকবিতা পাঠ, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, শিশুসাহিত্য বিষয়ক সেমিনার দেয়া হয় ‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৫’।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, বাংলা ভিশনের হেড অব নিউজ আব্দুল হাই সিদ্দিক, ছোটদের সময় এর ব্যবস্থপনা সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, কবি জব্বার আল নাঈম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পাদক মামুন সারওয়ার, সভাপতিত্ব করেন শিশু সংগঠক মাহবুবুল হক। উৎসবে ‘দৈনিক পত্রিকার ছোটদের পাতা : সঙ্কট ও সম্ভাবনায় বড়দের ঔদাসীন্য ও বিচারবোধ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ড. কাজল রশীদ শাহীন বলেন, বর্তমান সময়ের ছোটদের পাতা আমাদের শিশুদের মনোজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব পাতায় আর আমাদের উৎসব, আয়োজন ও ছোটদের অংশগ্রহণ অনেকটা সঙ্কীর্ণ হয়ে গেছে। এতে প্রধান অতিথি ছিলেন, প্রখ্যাত শিশুসাহিত্যিক এনায়েত রসুল, আলোচনায় অংশ নেন কবি জাকির আবু জাফর, অধ্যাপক তারিক মনজুর, আলী আসকর, আফসার নিজাম, আবিদ আজম, শাকিল মাহমুদ, স ম শামসুল আলম, আতিক হেলাল, জুলফিকার শাহাদাৎ, জাকির হোসেন কামাল, শামস আরেফিন প্রমুখ। সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক মনসুর আজিজ।
উৎসবে ছড়া কবিতা পাঠের আয়োজনে অংশগ্রহণ করেছেন শতাধিক ছড়াকার ও কবি। ছবি আঁকা ও গল্পবলা প্রতিযোগিতায় তিনটি করে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন খ্যাতিমান শিল্পী মোমিন উদ্দীন খালেদ, ফরিদী নুমান, ভাস্কর শামীমা হক, এলিজা, রজত ও নাজমুল মাসুম। গল্পবলায় বিচারক ছিলেন শিশুসংগঠক নাঈম আল ইসলাম মাহিন, মুশফিকা সাদিয়া, অধ্যাপক হোমায়রা মোর্শেদা আখতার, শাকিল মাহমুদ, গাজী তানভীর আহমেদ।
সমাপনী পর্বে শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিন সম্পাদক খ্যাতিমান শিশুসাহিত্যিক মাহবুবা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত ছড়াকার আবু সালেহ ও মাহমুদ উল্লাহ।
আরো উপস্থিত ছিলেন আহমেদ নাসিম আন্দালিব, অধ্যাপক ড. আলো আরজুমান বানু। সভাপতিত্ব করেন আবুল কাশেম শেখ।
এবার ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমান। এ ছাড়া, ছোটদের সময় প্রকাশিত তিনটি বই, যথাক্রমে ‘ঈগল খরশোগ ও গুবরে পোকা’র জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ ‘লৌহদানব’র জন্য মনসুর আজিজ ও জুলাই বিপ্লববিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য আমিরুল মোমেনীন মানিক এবং গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফা পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ছয় লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। দিনব্যাপী উৎসবে উপস্থাপনা করেন কবি আবিদ আজম, কবি শামস আরেফিন, কবি শাকিল মাহমুদ, লিজা বিনতে শামস ও দেলোয়ারা জাহান দিশা।