বিরোধী নেতার বেইজিং সফরের মধ্যেই তাইওয়ানে চীনা যুদ্ধবিমান

Printed Edition

রয়টার্স

একদিকে যখন চীনের রাজধানী বেজিংয়ে তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেত্রীর সাথে প্রেসিডেন্ট শি জিনপিং ‘শান্তি ও পুনর্মিলন’ নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই তাইওয়ান দ্বীপের আকাশে চক্কর দিচ্ছিল চীনের ১৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান। শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের এই দ্বিমুখী অবস্থানের কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে বিকেলের মধ্যে তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি অন্তত ১৬টি চীনা যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। কাকতালীয়ভাবে ঠিক একই সময়ে, অর্থাৎ শুক্রবার বেলা ১১টায় বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের চেয়ারপারসন চেং লি-উনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রেসিডেন্ট শি জিনপিং।