মা মু ন সা র ও য়া রে র পাঁ চ টি ছ ড়া

Printed Edition
agdum-4
মা মু ন সা র ও য়া রে র পাঁ চ টি ছ ড়া

লোকটা

লোকটা আমায় ওঠায়-নামায়

সকাল এবং রাত্রে

কী যে বলে কথার ছলে

কথার থলে হাতড়ে।

লোকটা কেমন কেনো এমন

যখন করি চিন্তা

সামনে শুধু দেখি ধু-ধু

আঁধার নাচে ধিনতা।

লোকটা হাসে হাসলে কাশে

কাশলে হাসে সব্বাই

তবু তাকে দেখলে বলি

কেমন আছেন রবি ভাই।


মায়ের কথা

নতুন কিছু করব বলে

নতুন পথে হাঁটি

দু’টি পায়ে হাঁটতে হাঁটতে

খামছে ধরি মাটি।

বাতাস এসে ধরল শেষে

মাথায় দিয়ে চাটি

মায়ের কথায় চললে তবে

জীবন পরিপাটি।


পাঁচটি ফড়িং

তিড়িং বিড়িং ঝিরিং ঝিরিং

নড়লো হঠাৎ গাছটি

ফড়িংগুলোর উড়িং ভারে

চেঁচিয়ে ওঠে বারে বারে

করল শুরু নামটি

কারণ ওরা একই সাথে

ফড়িং ছিল পাঁচটি।


ছড়ালেখি

ঘড়ি দেখে ছড়া লেখি

রাত্রির কালে

ছড়া লেখি একা বসে

ছন্দের তালে।

তারপর চুপ করে

টুপ করে

ঘুম,

ছড়াবাজে কানে কানে

রুম ঝুম ঝুম।


কাঠঠোকরা

কাঠঠোকরা গাছে গাছে

ঠোকায় যখন ঠোঁট

হঠাৎ করে বেরিয়ে আসে

সাতটি পোকা মোট।

হুড়মুড়িয়ে পোকাগুলো পালায়

ফাঁকফোকরে সবুজ পাতার ডালায়।

কাঠঠোকরা লজ্জা পেয়ে মুখে

ঠোঁটটি দিয়ে পা চুলকিয়ে

তাকিয়ে থাকে দুখে।