গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগ ট্রাম্পের

Printed Edition
onno 3
জেফ ল্যান্ড্রি

রয়টার্স

গ্রিনল্যান্ডের জন্য নিজের বিশেষ দূত হিসেবে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটি নিয়ে ওয়াশিংটনের এই পরিকল্পনা নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগের বিষয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন সোমবার জানান, তিনি কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবেন। তিনি বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ট্রাম্পের লক্ষ্যকে ল্যান্ড্রির সমর্থন দেয়ায় তিনি বিশেষভাবে ক্ষুব্ধ।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও পুনর্ব্যক্ত করেছেন, দ্বীপটির ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবেন। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বরাবরই এই ধারণা প্রত্যাখ্যান করে আসছে। ডেনমার্কের টিভি চ্যানেল টিভি ২-কে রাসমুসেন বলেন, বিশেষ দূত নিয়োগের এই সিদ্ধান্তে আমি গভীরভাবে ক্ষুব্ধ। আর তার বক্তব্যে আমি বিশেষভাবে ক্ষুব্ধ, যা আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি।

এর আগে, রয়টার্সকে ই-মেইলে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমরা জোর দিয়ে বলছি, যুক্তরাষ্ট্রসহ সবাইকে ডেনমার্ক রাজ্যের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন ফেসবুকে এক পোস্টে বলেন, আমরা আবারো মার্কিন প্রেসিডেন্টের নতুন একটি ঘোষণা নিয়ে ঘুম থেকে উঠলাম। এটি বড় মনে হতে পারে; কিন্তু আমাদের জন্য এতে কিছুই বদলায় না।