রাজপথে মৃত্যু হানা
উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল মা ও ছেলের
অন্যান্য স্থানে নিহত আরো ২ জন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
উল্লাপাড়ায় বেপরোয়া গতির বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। এ ছাড়া পঞ্চগড়ের দেবিগঞ্জে এক শিশু এবং নাটোরের বড়াইগ্রামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) এবং তার ৩ বছর বয়সী শিশুপুত্র।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সলঙ্গা থেকে একটি অটোরিকশায় নীলা বেগম তার সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার কাছাকাছি পৌঁছালে বগুড়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও তার তিন বছরের শিশু সন্তানের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরো অন্তত তিন যাত্রী গুরুতর আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।
ওসি আরো জানান, নিহতদের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত ও চালক-সহকারীকে আটকে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ট্রাকের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার িিতশ চন্দ্র রায়ের মেয়ে।
পরিবার ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সকালে স্ত্রী সবিতা রানী ও মেয়ে উর্মীকে নিয়ে দেবীগঞ্জের একটি বেসরকারি কিনিকে চিকিৎসকের কাছে আসেন িিতশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে গৌড়ী মঠ মন্দির সংলগ্ন এলাকায় কিছুণ বিশ্রাম নেন তারা।
এ সময় পরিবারের অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মূল সড়কে উঠে যায়। পরে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ট্রাকের নিচে চাপা পড়ে। বাবা-মা ছুটে এসে মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় রান্টু মিয়া (২৮) নামে একজন নিহত ও আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালপুর সরকারের ঢালান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়–র ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুপুরে রান্টু মিয়া তার ইজিবাইকে দু’জন যাত্রী নিয়ে গড়মাটি থেকে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। পথে সরকারের ঢালান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত ও অপর দু’জন আহত হন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।