গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ এই তিনটি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটে মোট ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮৫ জন উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রোববার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও ক্লাবগুলো নিয়োজিত ছিল। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকদের সহযোগিতার জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে স্টল বসানো হয়েছিল। তা ছাড়াও যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম নিয়োজিত ছিল। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি পরবর্তী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও গুচ্ছ ভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশ^বিদ্যালয়ের এক সংবদ বিজ্ঞপ্তিতে জানান, ৩৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৮২০ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.৩৯ শতাংশ। পরীক্ষা শুরু হলে বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ সময় প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: রোকনুজ্জামান সিদ্দিকী, ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা: আব্দুর রশিদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হল পরিদর্শন শেষে বিশ^বিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধ্যাপকড. মুহাম্মদ ইসমাইল বলেন, আলহামদুলিল্লাহ ‘সি’ ইউনিটের পরীক্ষার মতো আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষাতে ও আমাদের নোয়াখালীবাসী সর্বাত্মক সহযোগিতা করেছে।
এ ছাড়া ও আইন শৃঙ্খল রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গোবিপ্রবি প্রতিনিধি জানান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৬১ শতাংশ।
শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৮১৩ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৩১৫০ জন। অনুপস্থিত ছিল ৬৬৩ জন।
পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রোভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পরীক্ষাকেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী, মেডিক্যাল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়েছে।
এ দিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২০২৫-২০২৬ শিাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবির কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, ভোয়াল্ল্যা ও মোনঘর কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় সর্বমোট ১৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯৫ জন উপস্থিত এবং ৭৬৪ জন অনুপস্থিত ছিলেন; উপস্থিতির হার ৬৩.৯৩%।
ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান কেন্দ্রের কক্ষগুলো পরিদর্শন করেন। এ সময় রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট মোহাম্মদ জুনাইদ কবির, কো-অর্ডিনেটর ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর ড. মো: ফখরুদ্দিন উপস্থিত ছিলেন। মাননীয় ভিসি মহোদয় দায়িত্বরত প্রধান প্রত্যবেক্ষক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ ভর্তি পরীক্ষার কার্যক্রম তদারকি করেন।
গাজীপুর জেলা-প্রতিনিধি জানান, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ‘বি’ ইউনিটের জন্য মোট তিন হাজার ৯১২ জন পরীক্ষার্থী ইউএফটিবি-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে দুই হাজার ৫৩০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এক হাজার ৩৮২ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৬৪.৬৭ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যাল ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
পাবিপ্রবি প্রতিনিধি জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবিপ্রবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল সাত হাজার ৫০৬ জন। এর মধ্যে ছয় হাজার ৬৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং এক হাজার ৪৪০ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল মোট ৮০.৮২ শতাংশ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক ড. মো: জাকির হোসাইন ও মো: আবদুস সালাম। এ ছাড়াও জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল ড. মো: নাজমুল ইসলাম, কো-ফোকাল ড. মীর হুমায়ূন কবীর , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. রাশেদুল হক উপস্থিত ছিলেন।