গৌরনদীতে ভুয়া চিকিৎসক আটক

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদীতে মাসিক এক লাখ টাকা ভাড়ায় একটি বেসরকারি হাসপাতাল লিজ নিয়ে নিজেকে চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে জটিল অস্ত্রোপচার চালানোর চাঞ্চল্যকর অভিযোগে ফিরোজ আহম্মদ (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে গৌরনদী উপজেলার আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। তদন্তে জানা যায়, হাসপাতালটির মালিকপক্ষ মাসিক চুক্তিতে পুরো প্রতিষ্ঠানটি ফিরোজের কাছে লিজ প্রদান করলেও তার শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসির নিবন্ধন নম্বর কিংবা পরিচয়পত্র যাচাই করেনি। এমনকি অস্ত্রোপচারের নথিপত্র, রোগীর ইতিহাস ফাইল কিংবা অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় কাগজপত্রও সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ‘ডা: আমিরুল ইসলাম’ পরিচয় দিয়ে ফিরোজ নিয়মিত রোগী দেখতেন এবং বিভিন্ন ধরনের অপারেশন করতেন। হাসপাতালের ভেতর-বাইরে তার নামের সাইনবোর্ড টাঙানো ছিল। তবে তদন্তে উঠে আসে, তার কোনো মেডিক্যাল ডিগ্রি নেই এবং ব্যবহৃত বিএমডিসি নম্বরটিও ভুয়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, চিকিৎসকের যোগ্যতা যাচাই না করেই একজনকে হাসপাতালের সম্পূর্ণ দায়িত্ব দেয়া গুরুতর অবহেলা এবং এটি সরাসরি অপরাধমূলক কাজে সহযোগিতার শামিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, গৌরনদীর স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা নজরদারি বাড়াই। অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসকের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে মোবাইল কোর্টে দণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া গত তিন মাসে ফিরোজ যেসব রোগীর অস্ত্রোপচার করেছেন, তাদের তালিকা প্রস্তুত করে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেয়া হয়েছে। ভুয়া চিকিৎসকের হাতে সার্জারির শিকার ব্যক্তিরা কোনো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন কি না, তা যাচাই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফিরোজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।