মার্কিন বাহিনীর তদন্তে ধারণা : ইরানে স্কুলে হামলায় সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী

Printed Edition

রয়টার্স

ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় ১৬৫ শিশু নিহতের ঘটনায় ‘সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী’ বলে মনে করছেন মার্কিন সামরিক বাহিনীর তদন্তকারীরা। তাদের প্রাথমিক মূল্যায়নে এ কথাই বলা হয়েছে বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তদন্ত এখনো শেষ হয়নি এবং স্কুলে হামলার ব্যাপারে তদন্তে আর কিছু এসেছে কি না তার বিস্তারিত জানা যায়নি।

কিসের ভিত্তিতে এ মূল্যায়ন, হামলায় কী ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহৃত হয়েছে, কে বা কারা দায়ী এবং কেন যুক্তরাষ্ট্রকে একটি স্কুলে হামলা চালাতে হলো, এসব বিষয়ে রয়টার্স আর তথ্য সংগ্রহ করতে পারেনি। তদন্ত শেষ না হওয়ায় এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, সূত্রগুলো বলেছে রয়টার্সকে। দক্ষিণ ইরানের মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ইসরাইল বা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে এ বিপুলসংখ্যক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন জেনেভায় জাতিসঙ্ঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেনি।

হামলায় স্কুলটির নিহত শিশু ও কর্মীদের বিদায় জানাতে হওয়া শোকর‌্যালিতে বিপুলসংখ্যক লোক দেখা গেছে। তারা বলছে, ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্য যেকোনো বেসামরিক স্থাপনা আন্তর্জাতিক মানবাধিকার আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। মার্কিন কর্মকর্তারা আগেই বলেছিলেন, তারা মিনাবের ওই স্কুলে হামলার ঘটনা খতিয়ে দেখছেন।

তদন্তে সামনের দিনে নতুন কোনো তথ্য যুক্তরাষ্ট্রের দায় উড়িয়ে দিতে পারে বলেও জানিয়েছে ওই সূত্রগুলো। তদন্ত শেষ হতে কতদিন লাগবে এবং আর কী কী তথ্যপ্রমাণের জন্য তদন্তকারীরা অপেক্ষা করছেন তা জানতে পারেনি রয়টার্স। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের আগে বলেছিলেন, যুদ্ধ মন্ত্রণালয় ব্যাপারটি খতিয়ে দেখছে, ইরানি শাসকরাই বেসামরিক শাসক ও শিশুদের নিশানা বানায়, যুক্তরাষ্ট্র নয়। এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন তাদের কাছে করা প্রশ্ন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের কাছে পাঠিয়ে দেয়। পরে সেন্টকমের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, তদন্তনাধীন কোনো বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের নিশানা বানায় না, তবুও মিনাবের স্কুলে হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।