পরীক্ষার অতিরিক্ত ফি দিতে না পারায় শিক্ষার্থীর বাবাকে তিরস্কার

Printed Edition

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরের খাদিমপুর হাজি নছিব উল্লাহ উচ্চবিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় বোর্ড নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি দিতে অপারগতা প্রকাশ করায় এক শিক্ষার্থী ও তার দিনমজুর বাবাকে তিরস্কার করার অভিযোগও উঠেছে প্রধান শিক্ষক সৈয়দ মহরম আলীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা ইউএনওর কাছে লিখিত আবেদন করেছে।

জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সিলেট শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি বিভাগভেদে প্রায় দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকা। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের কাছ থেকে চার হাজার টাকা করে আদায় করছেন। পুরাতন এক বিষয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি প্রায় ৯০০ টাকা হলেও নেয়া হচ্ছে দুই হাজার টাকা। এতে বিদ্যালয়ের ৯১ জন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ।

গত বুধবার সকালে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আক্তার নিফা পুরাতন পরীক্ষার্থী হিসেবে ফি জমা দিতে গেলে প্রধান শিক্ষক দুই হাজার টাকা দাবি করেন। নিফা এক হাজার ৫০০ টাকা দিতে চাইলে তাকে কটু কথা বলেন বলে অভিযোগ। এ সময় তার বাবা আব্দুস শহীদ বিদ্যালয়ে উপস্থিত হলে তাকেও তিরস্কার করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ আলম বলেন, বিষয়টি নিয়ে শনিবার বৈঠকে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধান শিক্ষক অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, অতিরিক্ত ক্লাসের জন্য টাকা নেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।