রৌমারীতে আগুনে পুড়ল অর্ধকোটি টাকার মালামাল
Printed Edition
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারী উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর, গোয়ালঘর, খাদ্যশস্য, গবাদিপশুসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়ি গ্রামের ছমিজ্জামালের গোয়ালঘরে গরুর মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পাশের খড়ের স্তূপে আগুন ধরে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তীব্র বাতাসে মুহূর্তেই আগুন গ্রাস করে আনিছুর, সহিদা ও ছাদের আলীর বাড়ি।
অগ্নিকাণ্ডে চারটি শোবার ঘর, চারটি রান্নাঘর ও তিনটি গোয়ালঘর পুড়ে যায়। এ ছাড়া অসংখ্য হাঁস-মুরগি, প্রায় ২০ মণ ধান, নগদ পাঁচ লাখ টাকা, আটটি ছাগল এবং তিনটি গরু ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গভীর রাতে আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। এলাকাবাসী ছুটে এলেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও সড়ক না থাকায় প্রায় এক কিলোমিটার আগে গাড়ি থেমে যায়। ফলে দমকলকর্মীরা দ্রুত পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বহু গ্রামে এখনো দমকলের গাড়ি চলাচলের উপযোগী রাস্তা নেই। এতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।