গোবিন্দগঞ্জে চণ্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খুন

Printed Edition

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমাকে (৪৫) নিজ বসতবাড়ির ঘরের ভেতরে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দুপুরের পর কে বা কারা তার বাড়ির ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শামসুন্নাহার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলীর মেয়ে। এ ঘটনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মির্জা শওকতজ্জামান প্রধান এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সেই সাথে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।