ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

Printed Edition

বাসস

খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়, রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘খুলনা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি সঠিক নয়, রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দাবিও ভুয়া।’

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরো জানায়, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ ফেসবুকে আওয়ামীপন্থী অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রথমে দাবিগুলো ছড়ানো হয়। তবে, বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রাজশাহীতে ডেইলি স্টারের কোনো অফিস নেই। গণমাধ্যমটির একজন সাংবাদিক বিষয়টি বাংলাফ্যাক্টকে নিশ্চিত করেছেন। তাছাড়া, উক্ত দাবি সম্বলিত পোস্ট প্রচারের সময় পর্যন্ত প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

আলোচিত পোস্টগুলোতে খুলনা ও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার দাবি করা হলেও সেখানে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, হাইকমিশনের সামনে বিক্ষোভ হওয়ার তথ্য পাওয়া যায়। এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ ও ইট-পাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেলেও পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে উত্তরায় ৩২টি দোকান ভাঙচুরের দাবিরও সত্যতা পাওয়া যায়নি বলে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গতকাল রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ (সাসপেন্ড) ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশীর ভারতীয় সহকারী হাইকমিশন।

হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাসপেন্ড থাকবে।

পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির শাহাদতের খবর ছড়িয়ে পড়লে একদল বিক্ষুদ্ধ জনতা চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করতে যায়।