ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট : ল্যাভরভ
Printed Edition
রয়টার্স
ফিলিস্তিন-ইসরাইল সঙ্ঘাতের ন্যায্য সমাধান হিসেবে একটি কার্যকর ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস প্রকাশিত এক সাক্ষাৎকারে ২০২৫ সালের বিভিন্ন বিষয় পর্যালোচনার অংশ হিসেবে তিনি এ কথা বলেন।
ল্যাভরভ বলেন, ‘গাজা ও আশপাশের পরিস্থিতি যে দিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সঙ্ঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক অবিচারের প্রতিকার করা এবং এমন একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা, যা ইসরাইলের সাথে সহাবস্থান বজায় রাখবে।’ একই সাথে তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার কারণে ভূমির বাস্তব পরিস্থিতির অস্থিতিশীলতা আরো তীব্র হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এই মৌলিক সমস্যার সমাধান ছাড়া ফিলিস্তিনি ও ইহুদি জনগণের জন্য, এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতির জন্যও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের কল্পনাই করা কঠিন।’
তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়লে চীনকে সমর্থন দেবে রাশিয়া
তাইওয়ান সঙ্ঘাত উসকে উঠলে জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনকে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক উল্লেখ করেছেন, ‘তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতিতে করণীয় গণপ্রজাতন্ত্রী চীনের সাথে ২০০১-এর ১৬ জুলাই হওয়া সুপ্রতিবেশীসুলভতা এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চুক্তিতে বর্ণিত আছে। এই চুক্তির মূল নীতিগুলোর একটি হলো জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পারস্পরিক সহায়তা।’
তাস জানিয়েছে, এর আগে রাশিয়া ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে রোসিয়স্কায়া গেজেতার জন্য লেখা নিবন্ধে ল্যাভরভ জোরালোভাবে বলেছিলেন যে, পশ্চিম সচেতনভাবে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা উসকে দিচ্ছে। তাসে প্রকাশিত মন্তব্যে ল্যাভরভ বলেছেন, রাশিয়া তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে এবং যেকোনো আকারে দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করে। একই সাক্ষাৎকারে ল্যাভরভ জাপানকে তাদের সামরিকীকরণের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে ‘সতর্কভাবে চিন্তা’ করার আহ্বান জানিয়েছেন।