বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের ভাতার ব্যবস্থা করবে : দুলু

Printed Edition

নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সতেরো-আঠারো বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরণ করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়াড় হওয়ার পরেও জাতীয় বা আন্তর্জাতিক দলে সুযোগ থাকত না।

তিনি বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কিন্তু তারা যখন অবসরে চলে যান তখন অনেকেই অর্থকষ্টে পড়েন। এ কারণে আমাদের নেতা তারেক রহমান খেলোয়াড় ও খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন, স্কুলপর্যায়ে আন্তঃস্কুল খেলা ও কলেজপর্যায়ে যে আন্তঃকলেজ খেলা বন্ধ হয়ে গিয়েছিল তিনি সেগুলো আবার চালু করবেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে একজন জাতীয় বা আন্তর্জাতিক খেলোয়াড় যাতে অবসরে যাওয়ার পর সরকারি ভাতা পান, সে ব্যবস্থা করবেন।

গত শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মো: বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।