নতুন বছরের শুরুতেই সিইএসে থাকবে প্রযুক্তিপণ্যের চমক
Printed Edition
আহমেদ ইফতেখার
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের প্রদর্শনী সিইএস ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৬ থেকে ৯ জানুয়ারি। প্রতিবারের মতো এবারো লাস ভেগাস কনভেনশন সেন্টার থাকবে সিইএসের মূল কেন্দ্র। পাশাপাশি শহরের বিভিন্ন হোটেলেও ছড়িয়ে পড়বে পণ্য প্রদর্শন, ডেমোনস্ট্রেশন ও ব্যবসায়িক বৈঠক। মূল প্রদর্শনী ৬ জানুয়ারি শুরু হলেও ৪ জানুয়ারি শুরু হবে প্রাক আয়োজন। ৫ জানুয়ারি জুড়ে থাকবে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সংবাদ সম্মেলন ও পণ্য উন্মোচন অনুষ্ঠান।
রোববার সিইএস সপ্তাহের সূচনা করবে স্যামসাং।
‘দ্য ফার্স্ট লুক’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডিভাইস এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান নির্বাহী টি এম রো ২০২৬ সালের জন্য স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিকল্পনা ও গ্রাহক অভিজ্ঞতার রূপরেখা তুলে ধরবেন।
সোমবার থাকবে একের পর এক বড় আয়োজন। এলজি আয়োজন করবে ‘ইনোভেশন ইন টিউন উইথ ইউ’ অনুষ্ঠান, যেখানে গুরুত্ব পাবে প্রতিষ্ঠানটির তথাকথিত ‘অ্যাফেকশোনেট ইন্টেলিজেন্স’ ধারণা। একই দিনে ইন্টেল আলাদা অনুষ্ঠানে উন্মোচন করতে পারে কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর, যা প্যান্থার লেক পরিবার নামেও পরিচিত।
সনি হোন্ডা মোবিলিটি প্রথমবারের মতো আলাদা সিইএস সংবাদ সম্মেলন করবে। সেখানে তাদের প্রথম মডেল আফিলা ১ এবং নতুন একটি ধারণাভিত্তিক গাড়ি নিয়ে তথ্য দেয়ার ইঙ্গিত মিলেছে।
এএমডির চেয়ারপারসন ও প্রধান নির্বাহী লিসা সু সন্ধ্যায় প্রতিষ্ঠানের এআই রোডম্যাপ নিয়ে বক্তব্য দেবেন। একই দিনে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং একটি মিডিয়া সম্মেলনে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ও এআই সমাধান নিয়ে আলোচনা করবেন।
প্রদর্শনী শুরুর আগেই কিছু প্রতিষ্ঠান তাদের নতুন পণ্যের আভাস দিয়েছে। এলজি জানিয়েছে, তারা প্রথমবারের মতো মাইক্রো আরজিবি প্রযুক্তির টেলিভিশন ‘মাইক্রো আরজিবি ইভো’ উন্মোচন করবে। এতে উচ্চ রঙ কাভারেজ ও উন্নত উজ্জ্বলতা নিয়ন্ত্রণ প্রযুক্তি থাকবে।
প্রদর্শনীতে ক্যানভাস স্টাইলের আর্ট টিভি উন্মোচন করবে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি এলজি। ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি উভয় আকারেই পাওয়া যাবে এলজি গ্যালারি টিভি নামের নতুন এ মডেলটি। এ টিভিতে দেয়ালের সাথে মিশে থাকে এমন নকশা ও পছন্দমতো পরিবর্তনযোগ্য ম্যাগনেটিক ফ্রেম ব্যবহার করেছে। গ্যালারি টিভিতে ‘মিনি এলইডি’ ডিসপ্লে ও কোম্পানির তৈরি ‘আলফা ৭ এআই’ প্রসেসর ব্যবহার করেছে এলজি, যা ফোরকে রেজোলিউশন সাপোর্ট করবে। নতুন টিভিটি সরাসরি মিউজিয়াম কিউরেটরদের সহযোগিতায় তৈরি করেছে কোম্পানিটি। এতে থাকা ‘গ্যালারি মোড’ নামের বিশেষ মোড টিভির উজ্জ্বলতা ও রংকে এমনভাবে অপ্টিমাইজ করবে, যাতে স্ক্রিনে দেখানো শিল্পকর্মের প্রতিটি সক্ষ্ম বুনন জীবন্ত হয়ে ওঠে।
প্রতিবারের মতো এবারও সেমিকন্ডাক্টর খাত সিইএসের বড় আলোচনার বিষয় হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এএমডি নতুন রাইজেন প্রসেসর এবং এআই আপস্কেলিং প্রযুক্তি নিয়ে বিস্তারিত জানাবে। ইন্টেল নিশ্চিত করেছে, তাদের প্যান্থার লেক প্রসেসরের সিইএস অভিষেক হবে, যা মূলত প্রিমিয়াম ল্যাপটপকে লক্ষ্য করে তৈরি।
ডিসপ্লে প্রযুক্তিতেও আসতে পারে বড় ঘোষণা। সনি নতুন আরজিবি এলইডি ব্যাকলাইট প্রযুক্তি নিয়ে ইঙ্গিত দিয়েছে। স্যামসাংয়ের পক্ষ থেকেও উন্নত এইচডিআর প্রযুক্তি আনার গুঞ্জন রয়েছে।
রোবটিক্স বিভাগে স্যামসাংয়ের গোলাকার গৃহস্থালি রোবট ‘বলির’ দিকে নজর থাকবে অনেকের।
বহুবার প্রদর্শিত হলেও এখনো বাজারে না আসায় সিইএস ২০২৬-এ নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোবট ভ্যাকুয়াম ক্লিনারও এবার আবার আকর্ষণের কেন্দ্র হতে পারে।