বিমানের ৬ রুটের সব ফ্লাইট স্থগিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মধ্যেপ্রাচ্যগামী ছয় রুটে সব ফ্লাইট চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একই সাথে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবী, শারজাহ এবং কুয়েতে বিমানের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এসব গন্তব্যর যাত্রীদেরকে বিমান বিক্রয় কেন্দ্র ও টিকিট এজেন্টদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
দুবাইয়ে আটকা ইউএস-বাংলার ৩৯ পাইলট ও ক্রু উদ্ধার
মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অস্থিতিশীলতা ও সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইঝ৩৪৪ (বোয়িং ৭৩৭) প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়। এ সময় ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু সেখানে আটকা পড়েন। এ সময় দুবাই বিমানবন্দরেও কার্যক্রম সীমিত ছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত সংবেদনশীল।
ইউএস-বাংলার দুবাই স্টেশন ও ঢাকার হেড অফিস কর্তৃপক্ষ দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিশেষ অনুমতি নিয়ে যাত্রীবিহীন ফ্লাইটে ৩৯ জন ক্রুকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটি ছিল একমাত্র বাংলাদেশী ফ্লাইট। ফ্লাইটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করে গত রাতে (ভোর ২:৩৬) ঢাকায় অবতরণ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।