দেশনেত্রীর জন্য শিশুদের দোয়া আল্লাহ কবুল করবেন : রিজভী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেন না।
গতকাল রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলূম মাদরাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে খাসি সাদকায়ে জারিয়া হিসেবে জবাই করে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
রিজভী বলেন, এ মাদরাসার মাসুম বাচ্চাদের সামনে আর কী-ই বা বক্তব্য রাখব? আজ তারা দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য, যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন। মাদরাসার মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন।
রিজভী বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এ প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন এবং দীর্ঘ হায়াত দান করেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা: জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহসভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসাইন, রিকশা-ভ্যান ও অটোচালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, আহ্বায়ক অধ্যাপক মো: আশফাকুল ইসলাম সরকার (মনু), সদস্যসচিব অ্যাডভোকেট মো: মাহফুজুর রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।